দ্রুতই ভোজ্যতেলের দাম কিছুটা কমে আসবে: আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কিছুটা কমে আসবে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, 'গত ৪০ বছরে সারা বিশ্বে ভোজ্যতেলের দাম যতটুকু বাড়েনি, সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। সারা বিশ্বে দাম বাড়ার প্রভাব বাংলাদেশে পড়েছে।'

'তেলের দাম নিয়ন্ত্রণে রাখাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে,' যোগ করেন তিনি।

এ জন্য তিনি জনগণকে ধৈর্য ধরার আহবান জানান।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে তারা শিগগির জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত শিগগির আইন সংশোধন করা যায় সেই চেষ্টা করবে সরকার।'

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।