দ. কোরিয়া-বাংলাদেশর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার এমওইউ স্বাক্ষর
বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়।
আজ রোববার ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুণ গত ২৭ জানুয়ারি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান সঙ্গে সাক্ষাতকালে কোরিয়ার মন্ত্রী লিম হেইসুক স্বাক্ষরিত এমওইউটি হস্তান্তর করেন। মন্ত্রী ইয়াফেস ওসমানের স্বাক্ষরিত এমওইউটি গত বছরের নভেম্বরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোরিয়ায় পাঠানো হয়। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে উভয়পক্ষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি।
১৯৯৫ সালের মে'তে স্বাক্ষরিত দুই সরকারের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তির বাস্তবায়নকে শক্তিশালী করতে এমওইউটি করা হয়েছে। এই সমঝোতা স্মারকটি একটি যৌথ কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্র এবং সহযোগিতার ধরণ নির্ধারণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি উল্লেখ করেন- এই সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও উন্নীত করতে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছে। বৈঠকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।