নবায়নযোগ্য জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় নরওয়ে

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় নরওয়ে।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ড এ কথা বলেন।

উভয় দেশ এ বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় নবনিযুক্ত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নরওয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিশেষ করে সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

গার্মেন্টস খাতে নিরাপত্তা ও সবুজ উৎপাদন সুবিধা নির্মাণে নেওয়া ব্যবস্থা সম্পর্কে মোমেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

অ্যানেকিন হুইটফেল্ড জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন সমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার জানতে চান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে মানবিক সংকটের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।

অ্যানেকিন হুইটফেল্ড মানবিক দিক থেকে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অগ্রাধিকারের বিষয়টি স্বীকার করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন।

তারা ইউক্রেনে একটি কার্যকর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করে মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে গতকাল নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী পরে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আয়োজিত এক সংবর্ধনায় বক্তব্য রাখেন।