নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলি, নিখোঁজ বাংলাদেশি জেলে
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) গুলির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে বলে জানিয়েছেন তার সঙ্গের জেলে।
নিখোঁজ জেলের নাম মো. ইলিয়াছ (৫০)। তিনি পালংখালীর বালুখালী বিজিবি চেকপোস্ট সংলগ্ন ছৈয়দ আহমদের ছেলে বলে জানিয়েছেন তার সঙ্গে মাছ ধরতে যাওয়া গুরা মিয়া (৩৫)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের নাফ নদীর অঁসড্ডিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জায়েদ হাসান বলেন, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে ইলিয়াছ নামের এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।
এ ব্যাপারে টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আমরা বিষয়টি জেনে কাজ শুরু করেছি এবং খোঁজখবর নিচ্ছি।
বিজিপির গুলির ঘটনায় পালিয়ে আসা গুরা মিয়া ও নিখোঁজ ইলিয়াছের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় লম্বাবিল এলাকা থেকে নাফ নদীতে মাছ শিকারে যান তারা। রাত ১১ টার দিকে বিজিপি তাদের উদ্দেশ্য করে অতর্কিত গুলি ছুঁড়ে। এতে দুই জন দুদিকে পালিয়ে যায়।
২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক পাচার বন্ধ করতে নাফ নদীতে মাছ শিকার বন্ধ রেখেছে সরকার।