নারীরাই আগামীতে বিচার বিভাগের নেতৃত্ব দেবেন: প্রধান বিচারপতি

স্টার অনলাইন রিপোর্ট

আগামীতে নারী আইনজীবীরা বিচার বিভাগের নেতৃত্ব দেবেন বলে আশা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার 'উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে নারী আইনজীবীদের ভূমিকা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ প্রত্যাশা জানান।

তিনি বলেন, 'নারীরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি আপনারা ভবিষ্যতে বিচার বিভাগেরও নেতৃত্ব দেবেন।'

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি (এসসিএলএসি) এবং মানুষের জন্য ফাউন্ডেশন সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসসিএলএসি-এর চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবীদের উদ্যোগে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ।