নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে সিপিবির বিক্ষোভ সমাবেশ
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধির অপতৎপরতার বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)।
আজ বুধবার সকাল ১১টায়, মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সিপিবি, মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা আজাহারুল ইসলাম আরজু, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছেন বর্তমান বিনা ভোটের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার।
তারা বলেন, করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি যখন বেড়েছে, আয় কমেছে, চাকুরি হারিয়েছে। এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছে, জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে।
বক্তারা বাজার সিন্ডিকেট ভেঙে এলপিজি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, গ্রাম-শহরে ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।