নির্বাচন কমিশন আইন নিয়ে গঠনমূলক মতামত আহ্বান কৃষিমন্ত্রীর

স্টার অনলাইন রিপোর্ট

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক নির্বাচন কমিশন আইনের বিষয়ে গঠনমূলক মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানান তিনি।

তিনি বলেন, 'দেশে ৫০ বছর নির্বাচন কমিশন গঠন করার জন্য কোনো আইন ছিল না। বর্তমান সরকার সেই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। অথচ একদল বুদ্ধিজীবী- বিশেষজ্ঞ বলছে তড়িঘড়ি করে আইন করলে ভালো হবে না। আমি তাদের বলব, আইনের দুর্বলতা কোথায়, সমস্যা কোথায়-সেটি আপনারা দ্রুত বের করেন ও তুলে ধরেন। সময় কম এ অজুহাত না দিয়ে আইন প্রণয়নে গঠনমূলক মতামত প্রদান করুন।'

ড. রাজ্জাক আরও বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে সবসময়ই ষড়যন্ত্র চলমান আছে। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি শক্তি এখনও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র করতে চাচ্ছে। কিন্তু, তারা সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।'