নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে।
আজ শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার শরীফের মাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, 'নির্বাচন বাংলাদেশের জনগণ ও সরকারের বিষয়। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। আপনাদের (বাংলাদেশ) নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।'
তিনি আরও বলেন, 'আমরা বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া দেখার অপেক্ষায় আছি, নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছি এবং আমরা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করার মতো আমাদের আসলে কিছুই নেই।'
ভারতকে বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে তিনি বলেন, 'মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের হৃদয় ঐক্যবদ্ধ। আমরা আমাদের বন্ধুত্ব ও উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি জন্য দোয়া চাই এবং সমগ্র মানবতার প্রশান্তি কামনা করি। তরিকত ফেডারেশন পার্টি এখানে এসে আমার দোয়া করার সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ।'
এ সময় তরিকত ফেডারেশনের এমপি নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।