অতীতের ইসির ভুলের পুনরাবৃত্তি হবে না: নবনিযুক্ত কমিশনার মো. আলমগীর
অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব এবং অতীতের ইসির ভুলের পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ শনিবার দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কমিশন পরিচালনার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, ইসির কর্মকাণ্ড যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় সেদিকে তারা সতর্ক থাকবেন।
বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ইসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়নি তাহলে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন জানতে চাইলে মো. আলমগীর বলেন, 'আমরা কমিশন মিটিংয়ে বসব, সবাই তাদের মতামত দেবেন। অবশ্যই আমরা সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কাজ করার চেষ্টা করব।'
গত ডিসেম্বরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যোগ দেয়নি।
ইসি নিয়োগে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হলে তারা সার্চ কমিটিতে নামও প্রস্তাব করেনি।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের সাবেক সিনিয়র সচিব ছিলেন মো. আলমগীর। তিনি বলেন, কমিশন সচিবালয়ে কাজ করার সময় তিনি নির্বাচন কমিশনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন।
মো. আলমগীর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।
এছাড়াও তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।