আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে সংসদ সদস্য মমতাজ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চলছে ইউপি নির্বাচন। এই এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম।

স্থানীয় সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও কেন্দ্র পরিদর্শন করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হলেও এই আইন ভেঙেই তিনি কেন্দ্র পরিদর্শন করছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে যান মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ছিলেন।

এভাবে কেন্দ্র পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, 'স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই ভোটকেন্দ্রে এসেছি। আমি কারো জন্য ভোট চাইতে আসিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সিংগাইরে। এই বিষয়টি দেখার জন্যই কেন্দ্র পরিদর্শনে এসেছি।'

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি অমান্য করে কেউ কেন্দ্র পরিদর্শনে গেলে সেটি নিশ্চয়ই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে। সংসদ সদস্য মমতাজ বেগম চারিগ্রাম কেন্দ্রে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছি।'