আজমিরীগঞ্জে ব্যালটে আগুন, ফলাফল স্থগিত
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় কেন্দ্রটিতে ভোট গণনা চলছিল। এর মধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর লোকজনের সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় ব্যালট বাক্সে।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জুলসুখা ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ এই ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রের ফলাফল স্থগিত করার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস সালাম। তিনি জানান, এই কেন্দ্রে ৭৭৪টি ভোট প্রয়োগ হয়েছিল।
তিনি আরও বলেন, সবগুলো ব্যালট পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই।
এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ এবং আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রোকসানা আক্তার শিখার বক্তব্য পাওয়া যায়নি।