আদিতমারীতে নির্বাচনী সহিংসতায় আহত ৬১, হাসপাতালে নতুন ওয়ার্ড
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন আহত রোগী ভর্তি হয়েছেন। রোগীর চাপে ওই হাসপাতালে চালু করা হয়েছে নতুন ওয়ার্ড।
গতরাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে। নির্বাচনের পরেও বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় এবং ভোট দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছু স্থানে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কিছু লোক আহত হন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ লালমনিরহাট সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহতদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। অনেকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন, তবে সেখানেও তাদের চিকিৎসা চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে এ হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধপত্রসহ চিকিৎসক আছেন।'
পুলিশ সূত্র জানায়, নির্বাচন পরিবর্তী সহিংসতা দমানোর জন্য থানা পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত আছে ৫টি মোবাইল টিম। তবুও দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলায় আহত লোকজন বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সে দিক থেকে থানায় অভিযোগের চাপও বেড়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সহিংসতা রোধে মাঠে কাজ করছে অতিরিক্ত ৫টি মোবাইল টিম। এ ছাড়াও, থানা পুলিশের নিয়মিত টহলও অব্যাহত আছে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্তটি ৪টি অভিযোগ দায়ের হয়েছে। সব ঘটনায় সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'