‘আমার নির্বাচন পারপাসে মারা গেলে ১০ লাখ টাকা, চিকিৎসা খরচ ফ্রি’ 

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বলেছেন, 'নির্বাচন পারপাসে একজন লোক মারা যেতে পারে। কর্মীদের লিস্ট আছে। আমার নির্বাচন করতে গিয়ে কর্মীদের কেউ মারা গেলে ১০ লাখ টাকা দেওয়া হবে। যদি মারামারি করে মেডিকেল ভর্তি থাকেন তাহলে সম্পূর্ণ খরচ আমি বহন করব।'

আগামী ২৩ ডিসেম্বর সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সাইফুল ইসলাম বিভিন্ন নির্বাচনী সভায় এমন বক্তব্য দিচ্ছেন।

সাইফুল ইসলাম বলেন, 'কর্মীদের সংসারের চাল, ডালসহ যত কিছু খরচ লাগে আমি বহন করব, আমি ওয়াদা করেছি আল্লাহর কোরআনকে সামনে রেখে। আপনারা যদি ক্ষতিগ্রস্ত হোন, আমি আছি আপনারা ভয় পাবেন না।'

tripuraa_19.jpg
সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাইফুল ইসলাম সিরাজদিখান থানা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এমন বক্তব্য ছড়িয়ে পড়ায় এলাকার ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেছেন, 'আমি মাইট্যা ডোরা সাপ, চুপ কইরা শুয়ে থাকি, আর যখন কামড় মারি তখন মাংস শুদ্ধ ছিঁড়ে ফেলি। এমন কেউ নাই যে আমার কর্মীদের ফুলের টোকা দিবে। কারণ সবাই ভালো করে চেনে সাইফুল চেয়ারম্যানকে। আপনারা আমার কর্মী হয়ে নির্বাচন করবেন। আপনারা যারা আছেন, কোরআনকে সামনে রেখে প্রতিজ্ঞা করুন আপনারা আমার কর্মী হিসেবে কাজ করবেন না?'

চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিরাজদিখানে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যারা আমার পক্ষে কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। খুন করবে, মারধর করবে। এজন্য বলেছি যে নির্বাচন পারপাসে কেউ যদি মারা যায়, তাহলে ১০ লাখ টাকা দিব। আর চিকিৎসার খরচ বহন করব।'

নির্বাচনকে সামনে রেখে বাসাইল ইউনিয়নে অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জানতে চাইলে সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ইউপি নির্বাচন সামনে। এ অবস্থায় এ ধরণের বক্তব্য দেওয়া ঠিক না। সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছেন তিনি।। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু জানান, সাইফুল ইসলাম ২০১৯ সাল থেকে বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। 

তিনি বলেন, 'সম্প্রতি সাইফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তা গঠনতন্ত্র বিরোধী। তার এ বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে কমিটি জরুরি সভা ডেকে ব্যবস্থা নেবে।'