আমিনবাজারে নৌকার নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা, সাভার

আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে সাভারের আমিনবাজার ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রাকিব আহমেদের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আমিনবাজারের সরকার বাড়ি এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আওয়ামী লীগের স্থানীয় নেতারা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন।

নৌকার প্রার্থী রাকিব আহমেদের দাবি করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি মূল ক্যাম্পে পথসভা বিষয়ে আলোচনা করছিলাম। সে সময় আমার সরকার বাড়ি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার খবর পাই। যাওয়ার পথেই আমরা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনি। ভেবে ছিলাম থার্টিফাস্ট নাইট হিসেবে আতশবাজি হবে। কিন্তু পরে ক্যাম্পে গিয়ে দেখি চিত্র ভিন্ন৷ অফিসে ককটেল হামলা করা হয়েছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'নির্বাচনকে ঘিরে এই হামলা হয়েছে। আমি বিষয়টি নিয়ে আতঙ্কে আছি। প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে।'

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত সাড়ে ১১টার পরে ঘটনা। সরকার বাড়ি নৌকার নির্বাচনী অফিসে কে বা কারা আগুন দিয়েছে। একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। নির্বাচনী অফিসে খুব বেশি কিছু ছিল না। অফিসের কাপড় ও পোস্টার পুড়ে গেছে।'

এ বিষয়ে আমিনবাজার ইউনিয়ন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।