আ. লীগের সেই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বাটন চাপতে না পারলে তা চাপার জন্য ভোটকেন্দ্রে নিজের লোক রাখার ঘোষণা দেওয়া চট্টগ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
একইসঙ্গে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ২৮ মে চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ওই বক্তব্যে মুজিবুল হক চৌধুরীকে বলতে শোনা যায়, 'তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।'
সভায় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।'
এ পর্যায়ে তাকে আবার বলতে শোনা যায়, 'ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না। এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেননি?'
