ইউপি নির্বাচন: চৌগাছায় ১৩ আ. লীগ নেতা বহিষ্কার
যশোরের চৌগাছা উপজেলায় ১৩ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী তাদের আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন, সিংঝুলি ইউনিয়নের ইব্রাহিম খলিল বাদল ও হামিদ মল্লিক,পাশাপোল ইউনিয়নের আবদুল মতলেব হোসেন, শাহিনুর রহমান শাহীন, জগদীশপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম মাস্টার ও আজাদুর রহমান খান, ধুলিয়ানী ইউনিয়নের এসএম মমিনুর রহমান ও আলাউদ্দিন, স্বরূপদহ ইউনিয়নের শেখ আনোয়ার হোসেন, নুরুল কদর ও রফিকুল ইসলাম খোকন, সুখপুকুরিয়া ইউনিয়নের নুরুল ইসলাম মাস্টার এবং নারায়ণপুর ইউনিয়নের আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ এর ১১ ধারা মোতাবেক জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। সে অনুযায়ী চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কার করে বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম না করার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক করা হলো।
স্থানীয়রা ডেইলি স্টারকে জানিয়েছেন, এই বহিষ্কারের পর গতকাল বুধবার রাতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জগদীশপুর ইউনিয়নের নৌকার প্রার্থী তবিবর রহমান খান। এর আগে তিনি নৌকা প্রতীকের মনোনয়ন পেলেও বিদ্রোহী প্রার্থীর কারণে প্রচারে নামতে পারেনি।
আগামী ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ফুলসারা ইউনিয়নে মেহেদী মাসুদ চৌধুরী ও চৌগাছা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।