ইউপি নির্বাচন: মুন্সিগঞ্জে কয়েকশ ককটেল বিস্ফোরণ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ৭টি গ্রামে কয়েকশ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
নৌকা প্রতীকে রিপন হোসেন পাটোয়ারি ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনার কর্মীরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও দুই প্রার্থীর কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে শতাধিক বাড়িঘর ও ১৫-২০টি দোকানপাট কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।
এসব ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় মোল্লাকান্দি ইউনিয়নে ককটেল বিস্ফোরণ হয় বলে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব খান নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাধ্যমতো চেষ্টা চলছে ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নোয়াবদা গ্রামে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয় প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী, স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের। এক পর্যায়ে দুই পক্ষের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর আশেপাশের গ্রামগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণ শুরু হয়। মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি, বাহেরকান্দি, উত্তর নোয়াবদা, ঢালিকান্দি, লক্ষিদী, আনন্দপুর, মধ্য নোয়াবদা গ্রামের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনা অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রিপন পাটোয়ারির ভাই শিপন পাটোয়ারি ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিকান্দি ও বাহেরকান্দি গ্রামে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমার সমর্থকদের মারধর করেছে। আমার সমর্থকদের ৫-৭ টি বাড়ি ও দুইটি দোকান ভাঙচুর করেছে। ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আমার জনসমর্থন বেশি থাকায় সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ভোটের পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রিপন পাটোয়ারি জানান, আজ সকালে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী মেজবাহ উদ্দিন ঢালির বাড়িতে প্রচার চালানোর কথা ছিল। কিন্তু সেখানে যাওয়ার আগেই প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কল্পনার সমর্থকরা বাড়িঘর ভাঙচুর করেছে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
আগামী ২৮ নভেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।