ইউপি নির্বাচন: হারদীতে বিভক্ত স্থানীয় আ. লীগ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ২ ভাগে বিভক্ত হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে।

আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টুর বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২ প্রার্থী এলাকায় প্রচারণা শুরু করেছেন। গতকাল রাতে নুরুল ও আশিকুজ্জামানের সমর্থকদের মধ্যে ২ দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার সকালে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গতকাল রাত ৯টার দিকে হারদী বাজারের পাশে একটি নির্বাচনি অফিস থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী আশিকুজ্জামান ওল্টুর সমর্থকদের ওপর হামলা চালায়। পরবর্তীতে কে বা কারা নুরুল ইসলামের নির্বাচনি অফিসে ভাঙচুর করেছে।

সংঘর্ষের বিষয়ে নুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, শুক্রবার রাতে জানতে পারি হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী আশিকুজ্জামান ওল্টুর কর্মীরা আমার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে।

আশিকুজ্জামান জানান, ঘটনার সময় তিনি একটি অনুষ্ঠানে ছিলেন। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, নুরুল ইসলামের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৫টি চেয়ার ও লাইট ভেঙে দিয়েছে। তারা আমার ৫ কর্মীকে মারধর করেছে।

উপজেলা রিটার্নিং অফিসার আনারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি অফিস স্থাপন নিষিদ্ধ। আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।

আগামী ২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার হারদীসহ ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৩ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৪৪৮ জন অংশগ্রহণ করছেন। আগামী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।