ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা দিলো সার্চ কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি।

আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তারা এ তালিকা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিগগিরই নতুন নির্বাচন কমিশনার ও ৪ জন নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

রাত ৮টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, 'সার্চ কমিটি তাদের রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন। এখন তিনি এটা একটু পর্যালোচনা করবেন। পরে অতিসত্তর তিনি নির্দেশনা দেবেন।'

তিনি বলেন, 'দুয়েক দিনের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন জারি করা হবে।'

আজ চূড়ান্ত হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব।'

সার্চ কমিটির সুপারিশের ১০ নাম প্রকাশ করা হবে কি না, এ প্রশ্ন এড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'নিয়ম তো হলো ৫ জনের নাম ঘোষণা করা। যে ৫ জনের নিয়োগ হবে তা আপনারা জানতে পারবেন। কুইকলি হয়ে যাবে।'

আজ নোটিফিকেশন জারির সম্ভাবনা নেই বলেও জানান সচিব আনোয়ারুল ইসলাম।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নামের তালিকা নিয়ে বঙ্গভবনে যান সার্চ কমিটির সদস্যরা। সোয়া ৭টার দিকে তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন।

সূত্র জানায়, সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে যাননি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

এর আগে সার্চ কমিটি গণমাধ্যমকে জানিয়েছিল যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে চূড়ান্ত মনোনয়নের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিক প্রস্তাবিত ৩২২ জনের নাম সার্চ কমিটি প্রকাশ করলেও ১০ জনের তালিকা প্রকাশ করেনি কমিটি।