ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আ. লীগের সংলাপ ১৭ জানুয়ারি

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আ. লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসি গঠন নিয়ে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতি এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন।

সংলাপে আমন্ত্রিত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডি (রব) সহ ৬টি রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপ প্রত্যাখ্যান করেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দল সংলাপ করেছে।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী  ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।