এজেন্ডা বাস্তবায়নে মাহবুব তালুকদার উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন: সিইসি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পর্যবেক্ষণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য।
গতকাল পঞ্চম ধাপের নির্বাচনী পর্যবেক্ষণ জানাতে গিয়ে মাহবুব তালুকদার বলেন, এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এ বিষয়ে সিইসি বলেন, এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে! টেলিভিশনে দেখিয়েছে, সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।
নুরুল হুদা বলেন, উনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। আমরা তাদের বারবার বলি সহনশীল হতে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য মর্মাহত। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি-নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসা পরায়ণ নয়। রক্তপাত নয়।
প্রশাসনিক দুর্বলতার কারণে সহিংসতা হচ্ছে না। পুলিশও অনেক সময় ভিকটিম হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। প্রচুর ধৈর্যসহকারে তারা দায়িত্ব পালন করেন, বলেন প্রধান নির্বাচন কমিশনার।