এলাকা ত্যাগে টুকুকে নির্বাচন অফিসের চিঠি

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা ১ (বেড়া- সাঁথিয়া) আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন অফিস।

নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী টুকুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনার পর গতকাল রোববার এ চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

তবে এলাকায় থাকলেও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেননি বলে দাবি করছেন শামসুল হক টুকু।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আচরণ বিধি অনুযায়ী সংসদ সদস্য পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী এলাকায় অবস্থান করে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়ে এলাকা ত্যাগ করতে চিঠি দেওয়া হয়েছে।'

শামসুল হক টুকু চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নির্বাচন বিধান সম্পর্কে আমি জানি। আমি আচরণ বিধি লঙ্ঘন করিনি, করার ইচ্ছেও নেই।'

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা মিথ্যাচার করেছে। আমি আমার নিজের বাড়িতে আছি। কোনো নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিইনি। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শিগগির ঢাকা যাব আমি।'

বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টুকুর বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আসিফ শামস রঞ্জন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন টুকুর ছোট ভাই উপজেলা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন, টুকুর বড় ভাইয়ের মেয়ে এসএম সাদিয়া আলম এবং জেলা আওয়ামী লীগ সদস্য ফযলুর রহমান মাসুদ।

সংসদ সদস্যের পরিবারের ৩ প্রার্থীকে  নিয়ে কেবল পরিবারের সদস্যরাই নয়, এলাকাবাসী ও আওয়ামী লীগ সমর্থকরাও বিভক্ত হয়ে পড়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, 'সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।'