কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক প্রিসাইডিং অফিসার মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত ১২টা ২০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তার মৃত্যু হয়।

মৃত জয়নাল আবেদীন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি উপজেলার নওদাপাড়া গ্রামে।

মিরপুর থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযুষ কান্তি বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৃত জয়নাল আবেদীনের শ্বাসকষ্ট ছিল। এক পর্যায়ে তার স্ট্রোক হয়।'

একই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীন তার শরীর ভালো না বলে জানান। সেসময় তার শ্বাসকষ্টের কথা বলেন।'

'পরে তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান,' উল্লেখ করে আনোয়ারুল ইসলাম আরও বলেন, 'স্থানীয় চিকিৎসককে সংবাদ দিলে তিনি এসে জয়নাল আবেদীনকে মৃত বলে ঘোষণা দেন।'

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু ডেইলি স্টারকে বলেন, 'ডাক্তার বলেছেন স্ট্রোক হয়ে জয়নাল আবেদীন মৃত্যু হয়েছে।'

মিরপুর উপজেলায় আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ইতোমধ্যে সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলামকে দায়িত্ব পালন করে ভোট সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু।