চট্টগ্রামে ভোটকেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের নেতা-কর্মীরা বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তারা ভোট কেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবারের ইউপি নির্বাচনের সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউপিতে ভোট চলছে।

সাড়ে ২৪ লাখ ভোটারের এসব ইউপিতে  আজ সকাল ৮টায় ভোটগগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বড় পরিসরের শেষ নির্বাচন এটি।