টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় আহত ২০
টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার সিরাজকান্দি বাজারের খোকার ডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে তার কর্মীরা খোকার ডোবা এলাকায় ভোট চাইতে গেলে নৌকার কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমার ২০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলেই যাতে সবার কাছে ভোট চাইতে পারে এমন পরিবেশের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।'
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় উপজেলার নিকরাইল ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২ প্রার্থীকেই নির্বাচনী আচরণ বিধি মানতে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য বলা হয়েছে, তিন যোগ করেন।