টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ বিজয়ী হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় রিটার্নিং অফিসার সাহেদুন্নবী চৌধুরী তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১২১টি কেন্দ্রে নৌকা প্রতীকের শুভ ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, মোট ৩ লাভ ৪০ হাজার ৩৭৮ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭৫১ জন। শতকরা হিসেবে ভোট পড়েছে ৩৫ শতাংশ। 

ভোট গ্রহণ শেষের কিছু আগে ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে দুপুরে, জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির অনেক কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার এবং অনেক এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ার অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে। রিটার্নিং অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

এব্যাপারে রিটার্নিং অফিসার সাহেদুন্নবী চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী ফোনে আমাকে দু'একটি স্থানে সামান্য সমস্যার কথা জানিয়েছিলেন, তবে তিনি কোনো লিখিত অভিযোগ দেননি।'

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়।