টাঙ্গাইল-৭ উপনির্বাচনে আ. লীগের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

তিনি বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য।

এ ছাড়া দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী পীর সৈয়দ আলমগীর হোসেন, নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রূপা রায় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

গত ১৬ নভেম্বর স্থানীয় সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।