তৈমূর বিএনপির নয়, শামীম ওসমান-সেলিম ওসমানের প্রার্থী: আইভি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

'যদি উনি বিএনপির প্রার্থী হতেন তাহলে ওনার মার্কা ধানের শীষ থাকতো। ওনার মার্কা কিন্তু ধানের শীষ নয়। ওনার মার্কা যেটা সেটা কিন্তু বিএনপির প্রতীক না। যেহেতু প্রতীকে নির্বাচন হচ্ছে, উনি যেহেতু প্রতীক পান নাই, তাহলে উনি বিএনপির প্রার্থীও নন। উনি শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী।'

আজ শনিবার দুপুর ১২টার দিকে বন্দর অঞ্চলের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী বক্তারকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি।

তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন।

আইভি বলেন, 'ওনার চারপাশে এখনো বিএনপির লোকজন আছে আবার জাতীয় পার্টিও যুক্ত হয়েছে। আবার আমাদের নারায়ণগঞ্জের কথিত গডফাদার শামীম ওসমানের লোকও জড়িত হয়েছে। সুতরাং আমার মনে উনি শামীম ওসমান-সেলিম ওসমানের প্রার্থী। অরিজিনাল বিএনপির প্রার্থী সম্ভবত উনি নয়।'

তিনি আরও বলেন, 'নির্বাচন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনতাই আমার শক্তি। যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা আমার পক্ষেই থাকবে।'