দুএকটি সহিংসতার ঘটনায় সমস্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, 'নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও দুএকটি ঘটনা ঘটতে পারে। সে কারণে দেশের সমস্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। এটা করলে অবিচার করা হবে।'
আজ সোমবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, 'এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। ভোটারের উপস্থিতি ৭৪ শতাংশের মতো ছিল। এটা প্রমাণ করে যে, নির্বাচন উৎসবমূখর পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে।'
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সংঘর্ষে যেখানে অন্তত ২৬ জনের মৃত্যু হয়ে সে সময় তিনি এই ধরনের বক্তব্য দিলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। তার, কোনটাই প্রত্যাশিত ও কাম্য নয়। গণমাধ্যমে ঘটনাগুলোর ওপর বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক কোন্দল ইত্যাদি।'
তিনি আরও বলেন, 'গণমাধ্যমের খবর অনুযায়ী সারাদেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে, এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কি না তা অনুসন্ধানের দাবি রাখে। এর মধ্যে মাত্র কয়েকটি ঘটনা ভোটকেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোন ঘটনা নির্বাচনি তফসিল ঘোষণার আগেই ঘটেছে আবার কোনটা রাতের আধারে ঘটেছে। এ সব হত্যার মোটিভ কী তা তদন্তের বিষয়।'
সিইসি বলেন, 'এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে নরসিংদী জেলার রায়পুরের একটি দুর্গম চর এলাকায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। নরসিংদীর ঘটনার বর্ণনায় প্রথম আলো উল্লেখ করেছে 'গত ১০ বছরে আধিপত্য বিস্তারের নামে নরসিংদীর চরাঞ্চলগুলোতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।' (নরসিংদীতে কেন এত সহিংসতা, ১২ নভেম্বর ২০২১)। নরসিংদীতে এ মাসের প্রথম ঘটনাটি ঘটে ৪ নভেম্বর নির্বাচনের ৫ দিন আগে। দ্বিতীয় ঘটনাটি ঘটে নির্বাচনের দিন ভোরে, নির্বাচন শুরু হবার আগে।'
প্রধান নির্বাচন কমিশনার বলেন, '২০২১ সালে দেশব্যাপী ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১ হাজার ৭টি এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া, শিগগির পঞ্চম ধাপে আরও প্রায় ১ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বছরের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ সব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।'
এ ছাড়া, গত রোববার নির্বাচন এখন 'আইসিইউতে' ও গণতন্ত্র 'লাইফ সাপোর্টে' বলে 'আমার কথা' শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদা। তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, 'উনার অনুপস্থিতিতে কথা বলা ঠিক হবে না। তিনি প্রায়শই সাংবাদিক সম্মেলন করেন। গতকাল তিনি যে সমস্ত কথা ব্যবহার করেছেন সেগুলো শালীনতা বহির্ভূত।'