ধামরাইয়ে নৌকার সমর্থকদের ওপর বিদ্রোহীদের হামলা, পাল্টাপাল্টি মামলা
ঢাকার ধামরাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার সুয়াপুর ইউনিয়ন 'আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহীদের হামলার' ঘটনায় ধামরাই থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
আজ রোববার সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'সোয়াপুর বাজার এলাকায় নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে।'
'মামলা ২টি আজ ভোররাতে রুজু হয়েছে। মামলায় ৭০ জনের বেশি নামীয় ও শতাধিক অজ্ঞাত আসামি রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি,' যোগ করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বেলা পৌনে ১২টার দিকে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিম নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সেসময় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব তার কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ উঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।