নওগাঁয় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমরান হোসেন রানা (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রানা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গনেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক মাওলানা সাইফুল ইসলাম শান্তর (৩৫) ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের কর্মী-সমর্থকরা।
এ ঘটনার প্রতিবাদে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তার সমর্থকদের নিয়ে সতীহাট বাসস্ট্যান্ডে অবস্থান নিলে পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন এবং বাবুলের সমর্থক এমরান হোসেন রানাকে গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেই আজ মারা যান রানা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, 'এই ঘটনায় রানা নামে একজনের মৃত্যুর খবর জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'