নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ নির্বাচন শুরুর আগে ভোর ৬টার দিকে বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে সংঘর্ষ হয়। নিহত যুবক বটতলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া।'

স্থানীয়রা ডেইলি স্টারকে জানান, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী পক্ষের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।

তারা আরও জানান, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির মধ্যে বিরোধ চলছিল।

নির্বাচন ও পূর্বশত্রুতার জেরে ২ পক্ষের সমর্থকরা টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই দুলাল মিয়া নামে এক যুবক নিহত হন এবং অন্তত ৫ জন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।