নারায়ণগঞ্জে প্রকাশ্যে নৌকায় সিল, ৪০ মিনিট ভোটগ্রহণ বন্ধ
নারায়ণগঞ্জের সোনারাগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দিতে দেখে ৩টি বুথে ভোটগ্রহণ বন্ধ রেখেছে প্রিজাইডিং অফিসার। প্রায় ৪০ মিনিট পর কেন্দ্রটিতে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
আজ রোববার দুপুর ১২টা ১১ মিনিটে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা পুরুষ কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, পোলিং এজেন্ট নৌকার প্রার্থীর পোলিং এজেন্টের কার্ড ঝুলিয়ে ভোটারদের ডেকে নিয়ে যায়। পরে গোপন কক্ষে না নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দেয়। এই সময় প্রিজাইডিং অফিসারকে ডেকে আনা হলে তিনি এ চিত্র দেখে ভোট কেন্দ্র বন্ধ করে দেন। পরে ১২টা ৫১ মিনিটে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এর আগে প্রিজাইডিং অফিসারকে ভেতর থেকে নিজ কক্ষে দরজা বন্ধ করে বসে থাকতে দেখা গেছে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বহিরাগতরা এসে বিশৃঙ্খলা শুরু করলে পুলিশ সেটি নিয়ন্ত্রণে আনে। তখন নিরাপত্তার জন্য ভেতর থেকে ভোট বন্ধ রাখা হয়।'
তিনি বলেন, 'ভোটের কোনো নিয়ম মানা হচ্ছেনা। বার বার সতর্ক করেও যখন কাজ হয়নি তখন ভোটগ্রহণ বন্ধ রেখেছি। ১২টা ১১ মিনিটে বন্ধ করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১২টা ৫১ মিনিটে ভোটগ্রহণ চালু হয়।'
তিনি আরও বলেন, 'এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে ফোনে জানানো হয়েছে। তারা অতিরিক্ত পুলিশ পাঠাবে বলেছে কিন্তু সোয়া ১ টা পর্যন্ত কাউকে পাঠায়নি।'
এসময় প্রকাশ্যে সিল দেয়ার বিষয়টি তার নজরে আনা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
উল্লেখ্য, সোনারাগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের ১১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ৪টি ইউনিয়নে আগেই চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।