নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: রিটার্নিং কর্মকর্তা
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, 'এ নির্বাচন কমিশনের শেষ নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তাই এ নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইতোমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি।'
আজ সোমবার দুপুরে সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচন সুষ্ঠু হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, 'অবশ্যই সুষ্ঠু ভোট হবে। আমরা সবাই সুষ্ঠু ভোটের জন্যই কাজ করব। সেটার জন্য যা কিছু করার, নির্বাচন কমিশনার তার নির্দেশনা দেবেন। সুষ্ঠু ভোটের প্রতিজ্ঞা করছি আমরা।'
নির্বাচনে সেনাবাহিনীসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সেনাবাহিনী থাকবে না। তবে স্থানীয় প্রশাসন, র্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ সাধারণ নিয়মে সব থাকবে। তারপরও যদি কোনো বিশেষ বিষয় থাকে, তাহলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারেন।'
মাহফুজা আক্তার আরও বলেন, 'ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই তারিখে ২ থেকে ৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হচ্ছিল। এরকম সারা দেশেই হচ্ছে। কাজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে। তবে সিটি করপোরেশন নির্বাচন যে তারিখে হচ্ছে, সেই তারিখে আর কোনো নির্বাচন নেই। তখন সারা দেশের কমিশনের একমাত্র লক্ষ্য থাকবে নারায়ণগঞ্জে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য যা করণীয়, আমরা সব ব্যবস্থা করব।'
তিনি আরও বলেন, 'সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। এজন্য ২ জন করে এলাকাভিত্তিক কারিগরি টিম তৈরি করছি। এ ছাড়া, প্রতিটি কেন্দ্রে যে কোনো কারিগরি ত্রুটি সমাধানে সাপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ২টি ইভিএম মেশিন থাকবে। ভোটের ১ দিন আগে দিনব্যাপী ভোট কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার মহড়া অনুষ্ঠিত হবে।'
নির্বাচনের আচরণবিধির বিষয়ে তিনি বলেন, 'তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের শুভেচ্ছা ও দোয়া প্রার্থনার ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এ ছাড়া, সিটি করপোরেশনকেও চিঠি দিয়ে এগুলো সরাতে বলা হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে আমরা এগুলো পর্যবেক্ষণে মাঠে নামব।'
গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।