নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পাবনার সংসদ সদস্য গোলাম ফারুককে সতর্কতা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

আসন্ন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং অফিসার কায়সার আলম। নোটিশে এই সংসদ সদস্যকে নির্বাচনের সময় এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান খান নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে জানান, পাবনা সদর আসনের (পাবনা-৫) সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ভাঁড়ারা ইউনিয়নের খতিব জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের প্রচারণায় অংশ নেন।

স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার কায়সার আলম ওই চিঠি পাঠান। চিঠিতে নির্বাচন বিধি-২০১৬, ২২ এর (১) ও (২) ধারা অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে উল্লেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন-কালীন এলাকায় যাওয়া ও প্রচারণায় অংশগ্রহণ করা থেকে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে বিরত থাকতে বলা হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি শনিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

তিনি বলেন, 'আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সেখানে যাইনি। একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। যেখানে নৌকার প্রার্থীও উপস্থিত থাকায় এমন অভিযোগ করা হয়েছে।'

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, 'নির্বাচনী আইন অনুযায়ী সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী এলাকায় থাকতে পারেন না। এজন্য ওই সংসদ সদস্যকে সতর্ক করে রিটার্নিং কর্মকর্তা চিঠি দিয়েছেন।'

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর এক নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম হত্যার ঘটনায় ভাড়ারা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন পুনরায় আগামী ১৫ জুন নির্বাচনের দিন ধার্য করে।