নির্বাচনী প্রচারণা নিয়ে শার্শায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া বাজারে গতরাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।

ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) আব্দুল খালেকের সমর্থকরা আজ বুধবার দুপুরে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়ার সাতমাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সড়ক অবরোধের ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আহতের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক, মোস্তাক ধাবক, আবু সাঈদ ধাবক ও মিশন বিশ্বাস। আহত অন্য ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ ও আহত বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক জানান, আব্দুল খালেকসহ ১০-১২ জন মোটরসাইকেলে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টায় বাগআঁচড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় তারা ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, 'আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ দুপুরে মামলা হয়েছে শার্শা থানায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'