নির্বাচনী সহিংসতায় মৃত্যু ১: শার্শায় বিক্ষোভ-ভাঙচুর, অতিরিক্ত পুলিশ মোতায়েন
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাফিজুর রহমান ধাবক ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাগআঁচড়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থক খতিব ধাবকের ছেলে।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ধাবক জানান, গত ১৬ নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা মোস্তাফিজুর রহমান ধাবককে (৪২) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানান, শার্শা বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক ধাবকের সমর্থকরা বাগআঁচড়া সাতমাইল পশুরহাট থেকে নির্বাচনী প্রচারণায় বের হয়ে বাগআঁচড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌঁছালে বাগআঁচড়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবকসহ আরও ২ জন গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে মারা যান মোস্তাক ধাবক।
মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আজ শনিবার সকালে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা বাগআঁচড়া বাজারে জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এসময় নৌকার অফিস ভাঙচুর করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে টহল ব্যবস্থা জোরদার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত আছে। ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, 'নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক আজ ভোররাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বাগআঁচড়া এলাকায় উওেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'