নির্বাচনে হেরেছেন ইউপি ভবনে বাস করা সেই চেয়ারম্যান
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে পরিষদ ভবনে বাস করে আলোচনায় আসা সেই চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুল নির্বাচনে হেরে গেছেন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
তিনি জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) হয়ে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাবুল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান শাওনের কাছে পরাজিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইন্দুরকানী উপজেলার রিটার্নিং অফিসার এএসএম রোকনুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে জানান, এই ইউনিয়নে ১০ হাজার ৯১১টি ভোটের মধ্যে শাওন পেয়েছেন ৬ হাজার ১২৭ ভোট এবং বাবুল পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। এছাড়া ওই স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম হাওলাদার পেয়েছেন ৫০৯ ভোট। আর বাতিল হয়েছে ৩০৩টি ভোট।
এর আগে, পাড়েরহাট ইউনিয়ন থেকে পরপর ২ বার নির্বাচন করে পরাজিত হয়েছিলেন বাবুল। কিন্তু, গত ইউপি নির্বাচনে তৃতীয়বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে (জেপি-মঞ্জু) যোগ দেন।
বাবুল পাড়েরহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হলেও স্থায়ীভাবে খুলনায় বাস করেন। এ ইউনিয়নে তার নিজস্ব স্থায়ী কোনো ঘর নেই। তাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউপি ভবনের দ্বিতীয় তলায় বাস করত।
এ নিয়ে দ্য ডেইলি স্টারসহ অন্যান্য সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর ওই ভবন ছেড়ে দেন বাবুল।