‘নির্বাচন মানেই আনন্দ-বোমাবাজি, এটা হবেই’

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

টাকা ও ফুলের মালা গলায় দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সোহারব হোসেন।

ভোটারদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করার পর ছবি তুলে সেগুলো ফেসবুকে শেয়ারও করছেন তিনি।

গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত চলে তার এই কর্মকাণ্ড।

বিজয়ী হয়ে নির্বাচনের পরের দিনই বোমা ফুটিয়ে উল্লাস করেছেন নবনির্বাচিত এই মেম্বারের সমর্থকরা। এ বিষয়ে ঝিকরগাছা থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কলাগাছি গ্রামের হযরত আলী বলেন, 'সোহরাবের সমর্থকরা গত ১১ নভেম্বর রাতে আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের বের করে দিয়ে ঘরে বোমা মারে। এ ঘটনায় ১১ জনের নামে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত ইউপি সদস্য সোহারব হোসেন বলেন, 'নির্বাচন মানেই তো আনন্দ-বোমাবাজি, এটা হবেই। বোমা মারার ঘটনায় আমার সমর্থকদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে শুনেছি। এটি খুব দ্রুত মিটমাট হয়ে যাবে।'

টাকার মালার বিষয়ে তিনি বলেন, 'নির্বাচনের পরে কোথাও যেতে পারিনি। তাই টাকা ও ফুলের মালা গলায় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।'