নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর, ইউনিয়ন আ. লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শুক্রবার আনুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দীন সানা আশাশুনি থানায় এ মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির মামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনারস প্রতীকের প্রার্থী মো. রুহুল কুদ্দুসকে মামলার এক নম্বর আসামি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনকে দুই নম্বর আসামি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মামলার বিবরণীতে বলা হয়, আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আমতলা মোড়ে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস করা হয়েছে। ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা বৈঠক করছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন সেখানে উপস্থিত হয়ে নৌকার সমর্থকদের হুমকি দেন।
সে সময় আনারস প্রতীকের প্রার্থী মো. রুহুল কুদ্দুস কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং এক পর্যায়ে তারা নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার পুড়িয়ে দেওয়া হয়।
ওসি জানান, অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।