‘পুলিশের অস্ত্র ছিনিয়ে গুলি’ কুমিল্লায় নিহত ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ইউনিয়নের আমিরাবাদ কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান বল্লভেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে শাওন আহমেদ (২৫)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানো হয়েছে।

এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এর আগে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর মানিকারচরে ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। ওই সংঘর্ষে ২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।

আজ সকালে অপর এক ঘটনায় মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদ সেন্টারে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।