‘পুলিশের মামলায় ঝিকরগাছা পৌরসভার ১০ কাউন্সিলর প্রার্থী পলাতক’

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

পুলিশের মামলায় যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের ১০ কাউন্সিলর প্রার্থী ভোটের প্রচারণা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরমান হোসেনের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন এমন অভিযোগ তুলেছে।

সুমাইয়া ইয়াসমিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেছেন। এমনকি, গতকাল রোববার সংবাদ সম্মেলনেও এমন অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, গ্রেপ্তার এড়াতে ১০ কাউন্সিলর আত্মগোপনে আছেন। এ ছাড়াও, পুলিশ কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।

সুমাইয়া ইয়াসমিন বলেন, 'দীর্ঘ ২১ বছর পর আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আমার স্বামী আরমান হোসেন কাকন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি স্থানীয় কয়েকজনের টার্গেটে পরিণত হয়েছেন।'

'এর একমাত্র কারণ আমার স্বামী বিএনপির আদর্শে বিশ্বাসী,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থীরা আমার স্বামীসহ একই আদর্শের প্রার্থীদের হয়রানি করছেন।'

তিনি জানান, ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে আরমান হোসেন ও পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ আরও কয়েকটি ওয়ার্ডের ১০ কাউন্সিলর প্রার্থীদের নাম উল্লেখ করে ৬০ জনের বিরুদ্ধে মামলা (নম্বর ০২-তারিখ-০১-০১-২০২১) করেন।

সংবাদ সম্মেলনে সুমাইয়া বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন গভীর রাতে প্রার্থীদের বাড়িতে পুলিশ গিয়ে খোঁজাখুঁজি করছে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রার্থী ও ভোটাররা।