পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গোগা বাজারে আ. লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দু'জন হলেন- ফজের আলী (৩৫) ও আশরাফুল ইসলাম (৪০)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোগা ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু'জনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেননি।
গুলিবিদ্ধ দু'জন স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমানের সমর্থক বলে জানিয়েছেন ওসি।
এ বিষয়ে জানতে বর্তমান চেয়ারম্যান ও আ. লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে গোগা বাজারে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু'গ্রুপের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।