প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ের একটি ইউনিয়নের ২টি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল মারার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান। তিনি বলছেন, প্রিজাইডিং অফিসারকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার এমন একটি ভিডিও দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।

৫ মিনিটের ভিডিওতে দেখা যায়, একজন পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন। এরপর তার সামনেই টেবিলের উপর নৌকা প্রতীকে সিল মারছেন তিনি।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান বলেন, 'আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারুহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন ২-৩ জন। এখনও মারছেন। আমি প্রিজাইডিং অফিসারকে বলেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পারুহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদ উল্লাহ বলেন, 'এরকম অভিযোগ কেউ করেননি।' 

ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান দ্য ডেইলি স্টারকে বলেন,  'বিষয়টি আমি জানি না। খোঁজ নিচ্ছি।'