ফেনী সদরের ১১৫ কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ, বহিরাগত দেখলেই আটক
পঞ্চম ধাপে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত দেখলেই আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা নির্বাচন কর্মকর্তা নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ১১৫টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। যার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৪১টি।
ফেনীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে। কোনো বহিরাগত দেখলেই পুলিশ আটক করবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কোথায়ও বিশৃঙ্খলা হলে বা কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন উপলক্ষে ফেনী শহরের মিজান ময়দানে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বদরুল আলম মোল্লা বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা প্রয়োজনে রোজা রাখবেন তবুও কোনো প্রার্থীর দেওয়া কিছু খাবেন না। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে এটি কঠোরভাবে পালন করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলামহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী ৪৫৬ জন। সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে প্রার্থী ১০১ জন। কেন্দ্র সংখ্যা ১১৫টি। ১২টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৯২৭।
উপজেলার শর্শদি ধর্মপুর, কালিদহ, ফাজিলপুর, কাজিরবাগ, মোটবী ও বালিগাঁও ইউপি চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী কার্যক্রম নিরাপত্তায় থাকবে ৮৫০ পুলিশ, প্রায় ২ হাজার আনসার ও ভিডিপি, ৪০ সদস্যের বিজিবি ছাড়াও র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২১ জন করে নিয়োজিত থাকবেন। বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।