বগুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত ৪
বগুড়ায় গাবতলী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বালিয়াদীঘির ইউপি নির্বাচন শেষে ভোট গণনাকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ করে।
এতে ৪ জন নিহত হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মো. আলমগির, আব্দুল রশিদ, কুলসুম আক্তার ও খোরশেদ আকন্দ। নিহত কুলসুম এক নারী ইউপি ইউপি সদস্য প্রার্থীর এজেন্ট ছিলেন।
স্থানীয়রা জানান, কেন্দ্রে ওই ইউনিয়নের ভোট গণনা না করে উপজেলা পরিষদে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হলে পুলিশ ও বিজিবি গুলিবর্ষণ করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোট শেষে প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্র আক্রমণ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাতে বাধ্য হয়।'
কেন বা কোন পরিস্থিতিতে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল জানতে চাইলে ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোট গ্রহণ শেষে আমরা কেন্দ্রে ভোট গণনা করতে চাইলে এক চেয়ারম্যন প্রার্থীর কর্মী-সমর্থকরা বাধা দেয়। আমরা যখন ভোট গণনা শুরু করি তখন তারা আমাদের ওপর হামলা করে।'
'তারা আমার এক পা ভেঙে দেয়। প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও বাকি আইনশৃখলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে। আমাদের গাড়ি ভাঙচুর করে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়,' বলেন তিনি।
তিনি জানান, এ ঘটনায় তিনিসহ নিবার্চনী দায়িত্ব পালনরত ১৭ জন আহত হয়েছেন।
এ দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৮টা পর্যন্ত ৩ জন ভর্তি হয়েছেন। মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন-কালাইহাটা গ্রামের আব্দুল (৪৫), রাকিব (১৬) ও ছহিরউদ্দিন (৫৫)।
এ বিষয়ে বালিয়াদীঘি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ডেইলি স্টারকে বলেন, 'কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনা না করে নির্বাচন কর্মকর্তারা ব্যালট বাক্স উপজেলা নিয়ে যেতে চাইলে আমার সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ করলে আমার সমর্থকদের অনেকে হতাহত হয়।'
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম বলেন, 'কালাইহাটা কেন্দ্রে গুলিবর্ষণ হয়েছে শুনেছি। কিন্তু কেউ মারা গেছে কি না এই বিষয়ে কিছু জানি না। তবে এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।'