বরগুনায় সমান সংখ্যক ভোট পেয়েছেন ২ চেয়ারম্যান প্রার্থী
ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার বরগুনায় একটিমাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। দু'জনই পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল অমীমাংসিত আছে। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকে ৫ হাজার ৭০০ ভোট পান এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলও সমান সংখ্যক ভোট পান। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন পেয়েছেন ৫ হাজার ১০০ ভোট।
বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিস জানায়, এম বালিয়াতলী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৮৭১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫১২ এবং পুরুষ ভোটার ১১ হাজার ৩৫৯ জন। ইউনিয়নের ৯ কেন্দ্রে ভোট দিয়েছেন ১৬ হাজার ৬৬২ জন। এর মধ্যে ১৬২ ভোট বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান বলেন, 'প্রার্থীরা পুনর্গণনার আবেদন না করলে শুধু চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন হবে।'
তিনি জানান, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।