বেড়ায় জামায়াত নেতার কাছে ‘ভোট চাইলেন’ আ. লীগের মেয়র প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আসিফ সামস রঞ্জন ভোটের প্রচারণায় স্থানীয় জামাত নেতার সঙ্গে দেখা করা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা. আব্দুল বাসেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার সকালে আসিফ শামস রঞ্জন আমার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা না করায় তিনি আমার কাছে ভোট চান।

এ ব্যাপারে মন্তব্য জানতে আসিফ শামস রঞ্জনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে অন্য গণমাধ্যমকে তিনি বলেছেন, প্রাতঃভ্রমণে বের হয়ে জনসংযোগের সময় ডা. আব্দুল বাসেদের সঙ্গে দেখা হয়েছে। প্রার্থী হিসেবে তাদের এলাকার মানুষের ভোট ও দোয়া চেয়েছি। জামায়াতের ভোট ব্যাংকের সমর্থন চাওয়ার প্রশ্নই ওঠে না।

আওয়ামী লীগ প্রার্থীর জামায়াতের সমর্থন চাওয়ার বিষয়টি লজ্জাকর ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গত কয়েক বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তাতে সারা দেশে আওয়ামী লীগের ভোট ব্যাংক তৈরি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীকে ভোটের জন্য জামায়াতের কাছে যাওয়ার প্রয়োজন নেই, সাধারণ মানুষের ভোটে আওয়ামী লীগ জিতবে।