মাদারীপুরে জামানত হারাচ্ছেন ২৮ চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলায় গত ২৬ ডিসেম্বর হওয়া ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচন পরবর্তী  জামানত হারাচ্ছেন ২৮ জন চেয়ারম্যান প্রার্থী।

নির্বাচনের নিয়ম (বিধি) অনুযায়ী, জামানত ফেরত পেতে সব ভোটকেন্দ্রে মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। তারা এই ভোট না পাওয়ায় তাদের জামানত হারাচ্ছেন।  

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ ডিসেম্বর রাজৈর ও শিবচর উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৯ টি ইউনিয়নে।

চতুর্থ ধাপের এই ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার  ৬টি ও শিবচর উপজেলার ৩টি ইউপিতে ৫৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি।

তিনি আরও জানান, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়।