মুন্সিগঞ্জে নৌকার পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম লিটনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে জয়ী বিদ্রোহী প্রার্থী পারভেজ মৃধার সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় শিলই ইউনিয়নের পূর্ব রাকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল থেকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সন্ধ্যায় পূর্ব রাকেরকান্দি গ্রামের পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও তার ভাইয়ের বাড়ি ভাঙচুর হয়েছে।

মোট ৩টি বাড়ি ভাঙচুর হলেও এতে কেউ আহত নেই বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আবুল হাসেম লিটনের অভিযোগ, আনারস প্রতীকের সদ্য বিজয়ী চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধার সমর্থকরা গ্রামে এসে অতর্কিত তার বাড়িতে হামলা চালিয়েছে।

ডেইলি স্টারকে তিনি বলেন, 'তারা আমার ও আমার ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে। সমর্থকদের মারধর করেছে।'

বিজয়ী চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে তার সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেন।